ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিএনপি কোনো সংলাপ করবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তার (প্রধানমন্ত্রী) সঙ্গে আমরাও কোনো সংলাপ করব না। কারণ তিনি কথা দিয়ে কথা রাখেন না।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জবাবে ফখরুল এসব কথা বলেন। ‘বিদ্যুৎখাতে জনস্বার্থবিরোধী অসম চুক্তি, নজিরবিহীন দুর্নীতি, চলমান মহা-অব্যবস্থাপনা ও বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এ সংবাদ সম্মেলন করে বিএনপি।
২০১৮ সালের নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিল বিএনপি। সেই প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন, ‘ওই সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন, আর কোনো গ্রেপ্তার (বিএনপি কর্মীদের) হবে না, পুলিশি হয়রানি হবে না, গায়েবি মামলা হবে না। কিন্তু এর তিনদিন পর থেকে আমাদের প্রার্থীদের গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে।
‘যত চুক্তি তত লাভ’
সরকারের বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনা নীতি সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১৪ বছরে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে দেশের সমগ্র বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি, লুট ও অব্যবস্থাপনা হয়েছে। এর কুফল এখন সমগ্র দেশবাসীকে ভোগ করতে হচ্ছে। বর্তমানে দেশকে একটি ভয়াবহ অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। এরই মধ্যে ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সরকারের আরেকটি একপেশে ও দেশের জন্য অত্যধিক ক্ষতিকর চুক্তি প্রকাশ হল।’
মির্জা ফখরুল বলেন, ‘অপরিকল্পিতভাবে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন, অযোগ্য কোম্পানিকে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প প্রদান, প্রতিযোগিতা ছাড়া বিনা টেন্ডারে অতিরিক্ত দরে বিদ্যুৎ কেনার চুক্তি এবং স্বল্প মেয়াদের রেন্টাল ও কুইকরেন্টালগুলোর মেয়াদ বাড়িয়ে বিদ্যুৎ খাতে বছরের পর বছর খরচ বাড়ানো হয়েছে। সরকার পরিণাম না ভেবে দেশের স্বার্থবিরোধী প্রাইভেট সেক্টরেও যৌথমালিকানার নামে একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আনন্দে বিভোর ছিল, এখনো আছে। এখন এক শ্রেণির ক্ষমতাবান ব্যক্তি ও সরকারি কর্তাদের পৌষ মাস। যত চুক্তি তত লাভ। কুইক রেন্টাল ও আইপিপি চুক্তিগুলো এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে সরকার-ঘনিষ্ঠ অলিগার্কদের কৌশলে অবৈধ ও অনৈতিক আর্থিক সুবিধা পাইয়ে দেয়া যায়।
‘দুই মাসে দাম বেড়েছে তিন বার’
বিদ্যুত-গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার গত দুই মাসে তিন বার বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যুতের মূল্য আরও ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। এ নিয়ে গত ১২ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১২ বার। এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১১৮ শতাংশ বাড়ানো হলো। অপরদিকে সরকার গত সাড়ে ১৩ বছরে গ্যাসের দাম বাড়িয়েছে ৪০০ শতাংশ। গ্যাসের দাম বৃদ্ধি উসকে দেবে মূল্যস্ফীতি, জীবনযাপন কষ্টকর হয়ে পড়বে। কিন্তু জবাবদিহিহীন এ সরকারের তাতে কিছু যায় আসে না।’
‘সরকারের অদূরদর্শিতা ও দুর্নীতি’ দেশের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাকে ভয়াবহ সংকটে নিক্ষেপ করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুতের অভাবে দেশের কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। রপ্তানি ব্যাহত হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিদ্যুৎবেগে কমছে। দেশের গড় মুদ্রাস্ফীতি ১০ শতাংশে গিয়ে ঠেকেছে। জনগণের কাছে জবাবদিহি নেই বলেই সরকারের পক্ষে জাতীয় স্বার্থবিরোধী এসব কাজ করা সম্ভব হচ্ছে।’
বিএনপি মহাসচিব লিখিত বক্তব্যে বলেন, ‘ট্যারিফ কমিশন সূত্র বলছে, অক্টোবর থেকেই আন্তর্জাতিক বাজারে কয়লার দাম কমছে। বিদ্যুৎ সচিবও বলছেন, কয়লার দাম কমছে এবং আরও কমবে। প্রশ্ন হলো কয়লার কমতি দামের মধ্যেও বিদ্যুতের দাম বাড়ানো হলো কেন? এদিকে রামপাল ও বরগুনার বিদ্যুৎ কেন্দ্রের কয়লার দাম বেশি ধরা হচ্ছে মর্মে খোদ বাংলাদেশ ব্যাংক আপত্তি জানিয়েছে বলে জানা যায়।’
বিদেশি কোম্পানির সঙ্গে অসম চুক্তির দায় সরকারের মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘এসব চুক্তি সম্পাদনের আগে দেশের স্বার্থ সুরক্ষার দায়িত্ব অবশ্যই সরকারের। কিন্তু সরকার সে গুরুদায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা বাকরুদ্ধ হয়ে যাই এই ভেবে যে, একটি দেশের সরকার দেশ ও জনগণের এত বড় ক্ষতি কীভাবে করতে পারে।
সূত্র :দৈনিক বাংলা