রাজধানীর ওয়ারীতে জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- গীতা রানী দে (৬৫), কান্তা রানী (৬০), রাজু (৩৬) ও আফজাল হোসেন (৫২)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। পরে আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় দগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ ঘটনায় সুইপার কলোনির ২০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চারজনের মধ্যে কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে কেউ গুরতর নন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সূত্র :আমাদেরসময়