পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে যে মুনাফা করেছে তার প্রায় সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ১ টাকা ১০ পয়সা করে পাবেন। ঘোষিত এই লভ্যাংশ কোম্পানিটির মুনাফার ৯২ শতাংশের সমান।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুলাই। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১ টাকা ২০ পয়সা। এই মুনাফার ওপর ভিত্তি করেই কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ১০ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৫ পয়সা।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে পারবে। তবে ফ্লোর প্রাইসের নিচে শেয়ার দাম নামতে পারবে না।
সূত্র :জাগোনিউজ২৪.কম