• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ঢাকায় এ মাসে ৮টি জনসমাবেশ ও পদযাত্রা করবে বিএনপি

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

চলতি মাসে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারটি পদযাত্রা এবং চারটি জনসমাবেশ করবে মহানগর বিএনপি। ১৭ থেকে ২৭ মে পর্যন্ত রাজধানীর ১২টি এলাকায় এ কর্মসূচিগুলো হবে।

আজ সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে কর্মসূচিগুলো করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচার গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারে সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি বাস্তবায়নে’ বিএনপি এই পদযাত্রা ও জনসমাবেশ করবে।

কর্মসূচির মধ্যে ঢাকা মহানগরীর উত্তরে ১৭ ও ২৩ মে দুটি পদযাত্রা এবং ১৯ ও ২৭ মে দুটি জনসমাবেশ হবে। একইভাবে মহানগরীর দক্ষিণেও ১৭ ও ২৩ মে দুটি পদযাত্রা এবং ২০ ও ২৬ মে দুটি জনসমাবেশ করবে। সব কটি কর্মসূচি হবে বেলা দুইটায়।

১৭ মে বুধবার দক্ষিণের পদযাত্রা কর্মসূচি হবে বাসাবো খেলার মাঠ থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার পর্যন্ত। একই দিন উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু করে রামপুরার আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে মহানগর উত্তর বিএনপি। এক দিন পর ১৯ মে শুক্রবার শ্যামলী ক্লাবে সমাবেশ করবে তারা। পরদিন ২০ মে শনিবার মতিঝিল পীরজঙ্গি মাজারের সামনে জনসমাবেশ করবে মহানগর দক্ষিণ বিএনপি। ২৩ মে মঙ্গলবার ধানমন্ডি থেকে পদযাত্রা করবে। একই দিন গাবতলীর বাগবাড়ি থেকে টেকনিক্যাল, কল্যাণপুর বাসস্ট্যান্ড, শ্যামলী শিশুমেলা হয়ে পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে ৬০ ফিট পর্যন্ত পদযাত্রা করবে উত্তর বিএনপি।

এরপর ২৬ মে শুক্রবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলসংলগ্ন স্থানে অথবা শ্যামপুর লাল মসজিদসংলগ্ন এলাকায় জনসমাবেশ করবে দক্ষিণ বিএনপি। পরদিন ২৭ মে শনিবার বেলা ২টায় উত্তরার রাজউক কলেজ এলাকায় জনসমাবেশ করবে মহানগর উত্তর বিএনপি।

এর আগে গত শনিবার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে ঢাকাসহ সব মহানগর ও সারা দেশে ৮১টি সাংগঠনিক জেলায় ৪ দিনের জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

সূত্র : প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ