যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীসহ সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দাবি আদায়ের লক্ষ্যে এই মানববন্ধন হবে। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত মানববন্ধন হবে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা তাতে অংশ নেবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আব্দুল্লাহপুর (টঙ্গী ব্রিজ)-বিমানবন্দর-যমুনা ফিউচার পার্ক-বাড্ডা-রামপুরা আবুল হোটেল-মালিবাগ রেলগেট পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন হবে। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মালিবাগ রেলগেট-মৌচাক-শান্তিনগর-কাকরাইল-নয়াপল্টন-ফকিরাপুল-আরামবাগ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক-টিকাটুলি-যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন হবে।
সমমনাদের মানববন্ধন
আজ শনিবার বেলা ১১টায় গণতন্ত্র মঞ্চ পল্টন মোড়ে এবং গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি যৌথভাবে আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করবে। বেলা সাড়ে ১১টায় ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকের কাছে, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে এবং সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে। বেলা ৩টায় এলডিপি এফডিসির কাছে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে এবং যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাছে তিনটি পৃথক মানববন্ধন করবে।
সূত্র :দৈনিক ইওেফাক