• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিএনপি তো রাষ্ট্র নিয়েই হতাশ: তথ্যমন্ত্রী

24live@21
আপডেটঃ : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তো রাষ্ট্র নিয়েই হতাশ। ফলে তারা রাষ্ট্রপতি নিয়ে যে হতাশা ব্যক্ত করেছে, সেটিও অস্বাভাবিক নয়।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এ সময় সাংবাদিকেরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘নতুন রাষ্ট্রপতির কাছে কোনো প্রত্যাশা নেই’ এমন বক্তব্যের প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব তো রাষ্ট্র নিয়েই হতাশ। না হয় উনি কি বলতে পারেন—“পাকিস্তানই ভালো ছিল”। এ কথা বলার মধ্য দিয়ে প্রকাশ পায় যে তিনি রাষ্ট্র নিয়েই হতাশ। যারা রাষ্ট্র নিয়ে হতাশ, তারা রাষ্ট্রপতি নিয়েও হতাশা ব্যক্ত করবে, এটিই স্বাভাবিক। কিন্তু বিদায়ী রাষ্ট্রপতি যেমন ভালো মানুষ ছিলেন, বর্তমান রাষ্ট্রপতিও একজন ভালো মানুষ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি একজন বিচক্ষণ, প্রাজ্ঞ ও বুদ্ধিমান মানুষ। সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও দেশের রাষ্ট্রপতি ও অভিভাবক হিসেবে তিনি অতীতের মতো অত্যন্ত সুচারুভাবে দায়িত্ব পালন করবেন।’

হাছান মাহমুদ বলেন, ‘সোমবার বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার ইতিহাসে একটি নতুন পালক যুক্ত হয়েছে। একজন রাষ্ট্রপতি টানা দুবার দায়িত্ব পালন করে সসম্মানে বর্ণাঢ্যভাবে বিদায় নিয়েছেন এবং আরেকজন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেছেন। মর্যাদার সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব হস্তান্তর গণতান্ত্রিক রীতিনীতি চর্চার ইতিহাসে একটি নতুন মাইলফলক যুক্ত করেছে।’

এ সময় সাংবাদিকেরা সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএজিএস) যে বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী পরিচালিত গণহত্যার স্বীকৃতি দিয়েছে, সে বিষয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছে, আন্তর্জাতিকভাবে এর স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের দেশে ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। রুয়ান্ডাসহ অন্য যেসব গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সেসব জায়গায় এত মানুষ মারা যায়নি। আমাদের সরকার এ নিয়ে প্রচেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে ঘোষণাটি অত্যন্ত সহায়ক হবে।’

পঙ্কজ ভট্টাচার্য রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন
লোভ-লালসার ঊর্ধ্বে থেকে আজীবন সংগ্রামী রাজনীতিবিদ, যিনি পদ-পদবির পেছনে ছোটেননি, রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন; সেই মানুষ পঙ্কজ ভট্টাচার্য। আজ বিকেলে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য ভাষা সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধ, সব গণ–আন্দোলন ও সংগ্রামে অংশ নিয়েছেন, স্বাধীনতার পরও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যেমন শূন্যতা তৈরি হয়েছে, তেমনি তাঁর জীবন ও রাজনৈতিক জীবন থেকে আমাদের অনেক শেখার রয়েছে।’

পুনঃমুদ্রিত ‘শ্বেতপত্র ১৯৭১’ মোড়ক উন্মোচন
মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে পুনঃমুদ্রিত ‘পাকিস্তান সরকার কর্তৃক ৫ আগস্ট ১৯৭১ সালে প্রকাশিত পূর্ব পাকিস্তানের সংকট সম্পর্কে শ্বেতপত্র’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, পরিচালক মোহাম্মদ আলী সরকার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা, যেটি আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে, হচ্ছে। বিভ্রান্তি দূর করতেও প্রকাশনাটি সহায়ক।’

সূত্র : প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ