পদ্মা ব্যাংক উদ্বোধন করলো ডিজিটাল প্ল্যাটফর্মে স্মার্ট ব্যাংকিং কার্যক্রম। এখন থেকে পদ্মা ওয়ালেট অ্যাপের মাধ্যমে পদ্মা ব্যাংকের গ্রাহকরা যেকোনো সময় যে কোনো জায়গা থেকে নিজেই ফিক্সড ডিপোজিট (এফডি) ও ডিপোজিট পেনসন স্কিম (ডিপিএস) খোলার সুবিধা পাবেন।
মঙ্গলবার (১৩ জুন) পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে পদ্মা ব্যাংক ডিজিটাল এফডি এবং ডিপিএস এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব করপোরেট লায়াবিলিটি সাব্বির মোহাম্মদ সায়েম, ইভিপি ও সিওও সৈয়দ তৌহিদ হোসেন, হেড অফ চ্যানেলস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মুহাম্মদ জাকারিয়া করিমসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পদ্মা ওয়ালেট অ্যাপের নতুন এ সুবিধা সম্পর্কে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ এখন আর কোনো স্বপ্ন নয় এটি এখন বাস্তবতা। আজকের এ কার্যক্রম হল এর উৎকৃষ্ট উদাহরণ। পদ্মা ব্যাংকের গ্রাহকদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে, কেন না তারা এখন ঘরে বসেই এফডি ও ডিপিএস চালু করতে পারবেন।
ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গ্রাহকদেরকে কষ্ট করে কোনো শাখায় যাওয়ার প্রয়োজন নেই, এমনকি প্রয়োজন নেই কোন ফরম পূরণ, ছবি কিংবা কাগজপত্র জমা দেওয়ার। এ পদ্ধতিটি সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন। প্রয়োজন শুধু একটি স্মার্ট ফোন ও ইন্টারনেট সংযোগ। মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে তাৎক্ষণিকভাবে চালু হয়ে যাবে এফডি ও ডিপিএস অ্যাকাউন্ট। পদ্মা ওয়ালেটের নতুন এ সুবিধা গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ করবে।
একজন গ্রাহক সর্বনিম্ম ৫ হাজার টাকায় এফডি এবং ৫০ টাকায় ডিপিএস খুলতে পারবেন এবং সাথে সাথেই তিনি নিজ ইমেইলে একটি কনফার্মেশন স্লিপ পেয়ে যাবেন। যে শাখায় এফডি এবং ডিপিএস খোলা হয়েছে গ্রাহকরা চাইলে সেই শাখা হতে এফডি এবং ডিপিএস এর মূল কপি সংগ্রহ করতে পারবেন।
সূত্র : বাসস