• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন

আর্থিক প্রতিষ্ঠানেও ঋণের সুদহার বাড়ছে

24live@21
আপডেটঃ : বুধবার, ২১ জুন, ২০২৩

ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সব ধরনের ঋণের সুদহার বাড়ছে। মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, সুদহার নির্ধারণ হবে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের ওপর। এতে সব ধরনের ব্যাংক ঋণের সুদহার বাড়বে। আগামী জুলাই মাস থেকে এটি কার্যকর হবে। এর নাম হবে ‘সিক্স মানথ মোভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট’।

বাংলাদেশ ব্যাংক জানায়, ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিল বা স্মার্টের আমানতে গড় সুদহারের সঙ্গে আরও ৩ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে। ঋণের গড় সুদহারের সাথে আরও ৫ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে। তবে কোনোভাবেই এরচেয়ে বেশি সুদহার নির্ধারণ করা যাবে না।

সিএমএসএমই ঋণ ও ভোক্তা ঋণের আওতাধীন ব্যক্তিগত ঋণ ও গাড়ি কেনার ঋণের সঙ্গে আরও ১ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার ব্যাংক ঋণের সব ধরনের সুদহার বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, ১৮২ দিন মেয়াদি সিক্স মানথ মোভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্টের গড় সুদহার হবে ৭ দশমিক ১৩ শতাংশ। এর সঙ্গে আরও ৩ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে। এতে ব্যাংক ঋণের সুদহার হবে ১০ দশমিক ১৩ শতাংশ। সিএমএসএমই ও ভোক্তা ঋণের আওতাধীন ব্যক্তিগত ঋণ ও গাড়ি কেনার ঋণের সঙ্গে আরও ১ শতাংশ তদারকি মাশুল যুক্ত হয়ে সুদহার হবে ১১ দশমিক ১৩ শতাংশ।

আর ব্যাংকের কৃষি ও পল্লি ঋণের সুদের হার হবে ৯ দশমিক ১৩ শতাংশ। এ ঋণের সুদহার ট্রেজারি বিলের গড় সুদের চেয়ে ২ শতাংশ বেশি। বর্তমানে কৃষিতে ৮ শতাংশ আর অন্য ঋণে সুদের হার ৯ শতাংশ। তবে ক্রেডিট কার্ডে সুদহার আগের মতই ২০ শতাংশ বহাল থাকবে।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ