• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিএনপির এক দফার আন্দোলনের ঘোষণা গুরুত্ববহ নয়: তথ্যমন্ত্রী

24live@21
আপডেটঃ : বুধবার, ১২ জুলাই, ২০২৩

বিএনপির নতুন করে এক দফার আন্দোলনের ঘোষণা বিশেষ গুরুত্ববহ নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি মাঝেমধ্যে এক দফার আন্দোলন ঘোষণা করে। সুতরাং তাদের আবার নতুন করে এক দফার আন্দোলনের ঘোষণা, এটা যে বিশেষ গুরুত্ববহ তা নয়। তবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকব। দেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেব না।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আগামীকাল ১২ জুলাই বিএনপি নতুন আন্দোলনের ঘোষণা করবে। এ নিয়ে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, অতীতেও দেখা গেছে, বিএনপি যখনই কর্মসূচি ঘোষণা করে, তখন তারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, জনজীবনে ভোগান্তি ঘটায়। সেই সুযোগ তাদের দেওয়া হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে থাকবে, জনগণের পাশে থাকবে।

হাছান মাহমুদ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এখন দেশে অবস্থান করছে। এই সময় তাদের এ ধরনের কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে, তারা আসলেই কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশিদের দেখাতে চায়। বিদেশিরা তাদের শক্তি–সামর্থ্য নিয়ে সন্দিহান। তারা শক্তি দেখানোর জন্য চেষ্টা করছে মাত্র।’

‘বিদেশিদের কাছে বিএনপির শক্তি প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের যদি কোনো অনুযোগ, অভিযোগ থাকে সেটি জনগণের কাছে বলতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য তাদের সমস্ত কর্মসূচি, সমস্ত কথাবার্তা হচ্ছে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টাপ্রসূত। এটি রাজনৈতিক দল হিসেবে তাদের দেউলিয়াত্বই প্রকাশ করে।’

জাতীয় সংসদে নির্বাচন পরিচালনা–সংক্রান্ত রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও) সংশোধন বিল পাস হওয়ায় নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করলেও বিএনপি বিরূপ মন্তব্য করেছে, এ নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান বলেন, ‘নির্বাচন অনুষ্ঠান করবে নির্বাচন কমিশন। তারা যখন সন্তোষ প্রকাশ করে, আমি সেটির সঙ্গে সহমত পোষণ করি। কারণ, নির্বাচন কমিশনই বলছে যে তারা আরপিও সংশোধনের যে প্রস্তাব দিয়েছিল, সেটি যেভাবে সংসদে পাস হয়েছে, সেটি নিয়ে তারা সন্তুষ্ট। নির্বাচন কমিশন যে শক্তিশালী অবস্থানে আছে, সেই অবস্থানে থেকে তারা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারবে, সেটিই আমাদের প্রত্যাশা।’

সূত্র : প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ