• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে চাচাতো বোন হত্যায় ভাই, ভাবীসহ ৩ আসামি গ্রেপ্তার

24live@21
আপডেটঃ : সোমবার, ২২ মে, ২০২৩

চট্টগ্রামের আনোয়ারায় কলাপাতা কাটা নিয়ে চাচাতো ভাইয়ের হাতে বোন খুনের ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। নগরীর বন্দর থানাধীন ঈশান মিস্ত্রীর হাট এলাকা থেকে গতকাল গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ আজ জানায়, ভিকটিমের ভাইয়ের বাড়ি এবং তার শ্বশুরালয় একই বাড়িতে। দীর্ঘদিন ধরে ভিকটিমের সাথে তার চাচাতো ভাই রেজাউলের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে বিকাল আনুমানিক সাড়ে ৪ টায় কলাগাছের পাতা কাটার বিষয়কে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে রেজাউল, তার স্ত্রী, শাশুড়ি এবং আরও ৩/৪ জন সহযোগীসহ পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে লোহার রড এবং লাঠি নিয়ে ভিকটিমের ওপর হামলা করে।

আসামিরা ভিকটিমের মাথা, বুক এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। একপর্যায়ে ভিকটিমকে মৃত ভেবে আসামিগণ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ভাই এবং আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টায় ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মোহাম্মদ আমিন বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর হতে আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে, হত্যা মামলার এজাহারনামীয় প্রধান তিন আসামি নগরীর বন্দর থানাধীন ঈশান মিস্ত্রীর হাট এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছে- তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে আসামি জান মোহাম্মদের পুত্র রেজাউল করিম (৩৫), রেজাউল করিমের স্ত্রী নাসিমা আকতার (৩৪) ও রেজাউল করিমের মা ছখিনা খাতুন (৫০)-কে গ্রেপ্তার করে। তারা সকলেই আনোয়ারা বৈরাগ এলাকার বাসিন্দা।

আটকের পর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামিরা এ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মর্মে স্বীকার করে।
তিন আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ