• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ফেনীতে অটোরিকশায় গ্যাস ঢোকানোর সময় বিস্ফোরণে নিহত ১

24live@21
আপডেটঃ : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস ঢোকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে ছায়েদুল ইসলাম রনি (৩০) নামে একজন গ্যাস ফিলিং স্টেশনের কর্মচারি নিহত হয়েছে। এ বিস্ফোরণে অটোরিকশা চালক জাহিদ আলম (২৭) আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শহরতলীর দেবীপুরে প্রাইম ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারসূত্রে জানা গেছে, নিহত রনি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক গ্রামের নূর ইসলামের ছেলে। আহত সিএনজি অটোরিকশা চালক জাহিদ সোনাগাজীর নোয়াবপুর ফতেহপুর গ্রামের কবির আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে শহরতলীর দেবীপুর প্রাইম ফিলিং স্টেশনে সিএনজি অটোরিকশায় গ্যাস নিতে যায় অটোরিকশা চালক জাহিদ। গ্যাস ঢোকানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশে দাঁড়িয়ে থাকা ফিলিং স্টেশনটির কর্মচারি ছায়েদুল ইসলাম রনির শরীর ঝলসে যায়। পাশে দাঁড়িয়ে থাকা জাহিদ আলমও আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মো. শাহীনূর আলম সুমন বলেন, বিস্ফোরণের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। আহত অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বিস্ফোরণের ঘটনায় নিহত ফিলিং স্টেশনের কর্মচারির মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের চাচা মুসলিম উদ্দিন বলেন, দুইমাস আগে রনি ফেনী সদর উপজেলার ধর্মপুর কাঁঠালতলা এলাকায় মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে খাদিজা আক্তার রিংকির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আগামী সপ্তাহে অনুষ্ঠান করে বউ ঘরে তোলার কথা ছিল। সে দীর্ঘদিন ধরে প্রাইম ফিলিং স্টেশনে চাকরি করতেন। রাতে কাজ শেষ করে সোমবার সকাল ৮টার দিকে তার বাড়ি ফেরার কথা ছিল।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ